ঢাকার নবাবগঞ্জে ইসলামী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে এক গ্রাহকের টাকা চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে ব্যাংকের কর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি বলেছেন, তাঁর নাম সেকান্দার আলী। বাড়ি খুলনা সদর উপজেলায়।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আকিজ গ্রুপ অব কোম্পানির নবাবগঞ্জ শাখার সহকারী স্টোরকিপার মো. আবু সেলিম ৭ লাখ ১৫ হাজার টাকা জমা দিতে ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখায় আসেন। তিনি জমা দেয়ার জন্য টাকা কাউন্টারের ডেস্কে রাখেন। ওই টাকা নিতে সেকান্দার হাত বাড়ান। এ সময় ব্যাংকের হিসাবরক্ষক আবু সালেহ বিষয়টি দেখে দ্রুত দারোয়ানকে গেট বন্ধ করতে বলেন। এরপর ব্যাংকের লোকজন সেকান্দারকে আটক করে পুলিশে সোর্পদ করে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক তাজউদ্দিন বলেন, আটক ব্যক্তি একজন পেশাদার পকেটমার বলে স্বীকার করেছেন। তবে তিনি তাঁর নাম ও ঠিকানা সঠিক বলেছেন কি না, তা নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে।
কেএইচ





