সিলেটে রাস্তায় নামলো অশ্রুসিক্ত নেপালি শিক্ষার্থীরা। ভয়াবহ ভূমিকম্পে স্বজনরা বেঁচে আছেন কি না এ খবর জানেন না তাদের কেউ। কথা বলতেই কাঁদছেন তারা সকলে। ভয়াবহ ভূমিকম্পে তাদের ছোট্ট সুন্দর দেশ আজ দুর্যোগ কবলিত। সংখ্যায় তারা ৩৫ জনের সকলেই সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী।

সোমবার সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন বিপণি বিতান ও সড়ক ঘুরে ঘুরে নেপালের ভূমিকম্পকবলিত মানুষের জন্য সহায়তা সংগ্রহ করতে নেমেছেন তারা।

তাদের সাহায্য বাক্সে বাংলায় লেখা- 'নেপালের অশ্রু মুছে দিতে হাত বাড়াও, সহস্রাধিক ঝরে পড়া প্রাণের জন্য প্রার্থনা করো ! সিলেটের ব্যবসায়ী, সাধারণ মানুষ, পথচারী সকলে স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর্থিক সাহায্য সংগ্রহে তাদের সঙ্গীও হয়েছেন সিলেটের অনেকে।

সঞ্জয় সিকদেল, রেজিনা বেরাল ও সুজিত সিং নামের শিক্ষার্থীরা জানান, তারা নগরীর দু’টি স্থানে আর্থিক সাহায্য সংগ্রহে নেমেছেন। উত্তোলিত অর্থ তারা মঙ্গলবার  নেপালে দুর্যোগ কবলিতদের জন্য পাঠিয়ে দেবেন।

শিক্ষার্থী অর্জুন কেছী জানান, সবার সামান্যতম সাহায্য আমাদের দেশের দুর্যোগ কবলিত মানুষগুলোর জন্য এখন সবচেয়ে বড় পাওয়া। তিনি বলেন, যারা মারা গেছেন তাদের ফিরে পাওয়া যাবে না, তবে জীবিতদের জন্য হতাহতদের জন্য কিছু একটা করা প্রয়োজন। সে তাগিদেই রাস্তায় নেমেছেন তারা।

শনিবার ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় নেপাল। এতে নিহত হয়েছেন তিন সহস্রাধিক, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

জেআই