সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ (১৬ ফেব্রুয়ারি) রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমসংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের তালুকদার বাজার এলাকায় শাহ ফতে আলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে।

এমবি