গাজীপুর মহানগরের কাশিমপুর থেকে অজ্ঞাত এক কিশোরীর (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ মার্চ) সন্ধ্যার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জিরানী এলাকায় লাশটি উদ্ধার করা হয়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এইসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মাহবুব জানান, স্থানীয়রা গাজীপুর সিটি করপোরেশনের জিরানী এলাকার ডাক বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসের পুকুরের ঝোপে অজ্ঞাত এক কিশোরীর অর্ধনগ্ন ও অর্ধগলিত মরদেহ দেখতে পায়। মঙ্গলবার সন্ধ্যার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৭ বছর। হলুদ রঙের কামিজ পরিহিত মরদেহের প্রায় অর্ধেক অংশ পচে ফুলে বিকৃত হয়ে গেছে। দিন চারেক আগে আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কাশিমপুর থানার ওসি।

এমবি