মেলান্দহ-জামালপুর সড়কের বুরুঙ্গা এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের চাপায় মোঃ নুরনবী খোকন(৩০) নামে এক চাউল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত খোকন মেলান্দহ পৌরসভার চাকদহ সদারবাড়ি গ্রামের সাধু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মেলান্দহের চাউল ব্যবসায়ী মোঃ নুরনবী খোকন আজ মঙ্গলবার সকালে ব্যবসার কাজে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জামালপুরের উদ্দেশে বের হন।
এক পর্যায়ে সে মেলান্দহ-জামালপুর সড়কের পশ্চিম বুরুঙ্গা এলাকায় পৌঁছালে জামালপুরগামী একটি পিকআপ ভ্যান তাকে পিছন থেকে ধাক্কা দেয়। একই সময় জামালপুর থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট-১৬-১০৩৪) উল্টোপথে ক্রসিং করছিল।
এতে মোটরসাইকেল আরোহী খোকন পিকআপ ভ্যান ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক এবং পিকআপ ভ্যানসহ চালক পালিয়ে যায়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমবি





