কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০জন।
নিহতরা হলেন- ইমান আলী (৩৫) ও শাহাবুদ্দিন (৪২)। তাঁদের মধ্যে ইমান আলী ঘটনাস্থলে ফলাবিদ্ধ হয়ে নিহত হন। আর শাহাবুদ্দিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইমান আলীর বাড়ি মাছপাড়া ও শাহাবুদ্দিনের বাড়ি বৈদ্যনাথপুর গ্রামে।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীরা সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর থেকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাউদিয়া ইউপির চেয়ারম্যান কেরামত আলীর সমর্থকদের সঙ্গে একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের সমর্থকদের বিরোধ চলছে।
এ নিয়ে গত এক সপ্তাহে তিনটি গ্রামে তিনবার সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কেরামত আলীর কাশিনাথপুর, বৈদ্যনাথপুর ও ঝাউদিয়া গ্রামের সমর্থকেরা জোট বেঁধে মাছপাড়া গ্রামে প্রবেশ করে। সেখানে বখতিয়ার হোসেনের সমর্থকেরা তাদের বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ইমান আলী ফলাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন বলছেন, নিহত ইমান আলী কেরামত আলী সমর্থক ছিলেন। তবে শাহাবুদ্দিনের বিষয়ে কিছু জানা যায়নি।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সংঘর্ষের সময় গ্রামের প্রায় ২২টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চলে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুহুল আমিন চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) দিলীপ বিশ্বাস জানান, সামাজিক দলাদলি ও আধিপাত্য বিস্তার নিয়ে শনিবার ভোর থেকে বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থিত সুজা মেম্বার ও মজিদ মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাহাবউদ্দিনের মৃত্যু হয়।
এমএনজে





