ঈদুল আজহার দ্বিতীয় দিনে কোরবানীর বর্জ্য অপসারণ কাজ শেষ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

ঈদের দিন বিকেল ৩টা থেকে এ বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।  এজন্য সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়।

মঙ্গলবার দুপুরের আগেই পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ায় রাজশাহী সিটি করেপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সিটি করপোরেশন সূত্রে জানান যায়, প্রথমে শহরের অলিগলি ও ঘুপচি পথে পড়ে থাকা পশুর বর্জ্য অপসারণ করে মূল সড়কে নিয়ে স্তুপ করে রাখা হয়। এরপর শুরু হয় ট্রাকে তুলে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া। রাসিকের কোরবানীর বর্জ্য ঈদের দিন রাতের মধ্যেই চলে যায় ডাম্পিং স্টেশনে। এভাবে দুই ধাপে শতভাগ বর্জ্য অপসারণের কাজ শেষ হয়।

রাসিক সূত্রে আরও জানা যায়, কোথাও বর্জ্য ও অবশিষ্টাংশ পড়ে থাকার খবর পেলেই পরিচ্ছন্নতাকর্মী ও গাড়ি পাঠানো হয়। যেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে সেখানে আবার পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়। এভাবে ঈদের দিন রাতেই ঝকঝকে সুন্দর মহানগরীতে পরিণত হয় রাজশাহী।

এজন্য সিটি করপোরেশনের ২৫০ জন কর্মী দিনভর বর্জ্য অপসারণে কাজ করেন। বিশেষ ব্যবস্থায় ছয়টি ট্রাক এবং দুইটি ট্রাক্টরের মাধ্যমে মহানগরীর ৩০টি ওয়ার্ড থেকে কোরবানীর বর্জ্য অপসারণের কাজ চলে। ঈদে পরিচ্ছন্নতা কর্মীদের অতিরিক্ত পারিশ্রমিকের চুক্তিতে তাদের ছুটি বাতিল করা হয়।

জেইউ