যাত্রীবাহি নৈশ কোচের সঙ্গে বিপরীতমুখি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের সুকলালহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু'জনই বাস ও ট্রাকের চালক।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হাসান জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি নৈশ কোচের সঙ্গে বিপরীতমুখি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন ও পরে একজন নিহত হয়।

নিহতরা হলেন- বাসচালক কাসেম (৪০), বাড়ি নোয়াখালীর মাইজদীতে ও ট্রাকচালক ওবায়দুল্লাহর (৪৩) বাড়ি বগুড়ায়। নিহত অন্য দু'জনের পরিচয় জানা যায়নি।

তবে এদের মধ্যে একজন আনুমানিক ৬০ বছর বয়সী নারী বাসযাত্রী বলে জানা গেছে। আহতেদর মধ্যে কয়েকজনকে সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে উদ্ধার কাজ চালায়। আহত-নিহতদের উদ্ধারের পর পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর