সিটি কর্পোরেশন নির্বাচনে সব দলের অংশগ্রহণ না করা নির্বাচন কমিশনের জন্য অস্বস্তিকর। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বুধবার বিকেলে, নির্বাচন কমিশন সচিবালয়ে সিটি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নুরুল হুদা।

নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা প্রসঙ্গে সিইসি বলেন, 'সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ না করাটা একটা অস্বস্তিকর অবস্থা এটা ঠিক। তবে, আমরা তো আহ্বান করেছি সব রাজনৈতিক দলকে যাতে তারা নির্বাচনে অংশ নেয়। কিন্তু তারা আসেনি। এখানে তো আর আমাদের কিছু করার নেই।'

এতে, নির্বাচন কমিশনের কোনও ব্যর্থতা বা দুর্বলতা নেই এবং এটা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা নয় বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র আনিসুল হক ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যুতে শূন্য পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত ৩৬টি সাধারণ ওয়ার্ডের ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ব্যালট পেপারসহ ভোটকেন্দ্রগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে সকল নির্বাচনি সরঞ্জাম।

ঢাকা উত্তর সিটিতে মোট ভোটারের সংখ্যা ৩০ লাখ সাড়ে ৩৫ হাজার। আর ভোটগ্রহণ হবে ১২শ' ৯৫টি কেন্দ্রে। উত্তর সিটির উপ নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ৪৫ জন এবং সাধারণ ১৮টি ওয়ার্ডে ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮টি ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ। সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ২৪ জন এবং সাধারণ ১৮টি ওয়ার্ডে ১২৫ জন প্রার্থী লড়ছেন এই ভোটে।

দুই সিটিতে ১৫শ' ৩০ কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা উত্তর সিটিতে নিরাপত্তায় কাজ করবে পুলিশ, আনসার ভিডিপির ৪৫টি, র‌্যাব এর ২৭টি দল এবং ২৫ প্লাটুন বিজিবি। এছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৫ জন। আর দক্ষিণ সিটিতে পুলিশ, আনসার, ভিডিপির ১৫টি ও র‌্যাব এর ৯টি দল এবং ৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

এসএম