মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির মিছিলে আকস্মিক গুলি-বর্ষণে ফটো সাংবাদিকসহ ২জন গুলিবিদ্ধ হয়েছেন। বিএনপি হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি ছুড়লে এ ঘটনা ঘটে।
সোমবার শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় এ মিছিলটি বের করে স্থানীয় বিএনপি।
গুলিবিদ্ধ একজন মুন্সীগঞ্জ বার্তা ডটকম নামে অনলাইন পোর্টালের প্রধান ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন (১৯) অপরজন শহর ছাত্রদলের কার্যকরী সদস্য মো. শাওনকে (২৪)।
ঐ দু'জনকে গুলিবিদ্ধ অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বেলা সাড়ে ১১ টার দিকে মুক্তারপুরস্থ ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পাদদেশে হরতাল সমর্থকরা মিছিল বের করলে এই ঘটনা ঘটে। তবে পুলিশ গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে।
এ দিকে প্রাক্তন উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই দাবি করেন, হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করে নেতা-কর্মীরা। এ সময় পুলিশ অযথাই মিছিলটি ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি ছুড়ে।
সদর থানার ওসি আবুল খায়ের ফকির ও মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, মিছিলের নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালালে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মিছিলে বাধা দেয়। তবে মিছিলে পুলিশ কোনো গুলি ছুড়েনি। বর্তমানে মুক্তারপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এমকে





