এখন থেকে ভোটকেন্দ্র পরিদর্শনে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সদ্য সমাপ্ত ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

এখন থেকে সাংবাদিকরা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে। তবে পাঁচজনের বেশি একসঙ্গে যেতে পারবেন না এবং ১০ মিনিটের বেশি সেখানে অবস্থান করা যাবে না। সে সঙ্গে এই নিয়ম ভাঙলে সাংবাদিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার মাগুরা-১ আসনের উপ-নির্বাচন থেকেই নতুন এ নীতিমালা চালুর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, এটা নতুন কোনো আইন বা বিধি নয়। এটা একটা গাইডলাইন। বর্তমানে যেসব নিয়ম রয়েছে, তার বাইরে বাড়তি কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

একইভাবে ইসি কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইলসাম বলেন, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার অথবা প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে হবে।

কমিশন থেকে বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানানো হলেও এরই মধ্যে মাগুরা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে এ নিয়ম কার্যকর করার নির্দেশনা পাঠিয়েছে ইসি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশে সাংবাদিকদের বাধা দেয়া হয়। ওই দিন পুলিশ ও দুর্বৃত্তদের হাতে ৩০ জনের বেশি সাংবাদিক নাজেহাল হন।

এমএইচ