বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে রাজপথে নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার পর রাজধানীর বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা ও রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
ঘটনাস্থল থেকে টাইমনিউজবিডির করেসপন্ডেন্টরা জানাচ্ছেন, সকাল থেকেই শিক্ষার্থীরা স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে সোয়া ১০টার পর রাজপথে বিক্ষোভে নামেন।
প্রথমে, রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়কে নেমে অবরোধ শুরু করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এরপর বারিধারায় যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। উত্তরা হাউস বিল্ডিং এলাকার সড়কে নেমে বিক্ষোভ করছেন উত্তরা ইউনিভার্সিটি, কলাবাগান থেকে শংকর পর্যন্ত সড়কে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং বনানী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে এসব এলাকার সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বনানী মোড় থেকে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ কারণে মহাখালী ফ্লাইওভারের জাহাঙ্গীর গেট সংলগ্ন অংশ থেকে বনানী ফ্লাইওভার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এসব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য সতর্কাবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।
রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের অবস্থান এবং স্লোগান দেন, কেবল টিউশন ফিই নয়, শিক্ষা ব্যবস্থার ওপর ভ্যাট প্রত্যাহার করতে হবে। এ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের কর্মসূচি শুরুর আগে সকালে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফরাস উদ্দিন টিউশন ফির ওপর ভ্যাট না নেওয়ার আশ্বাস দিলেও তারা মানেননি।
সড়ক অবরোধের কারণে রামপুরা, হাতিরঝিল, বনশ্রী, বাড্ডা এলাকার যানচলাচলেও স্থবিরতা এসেছে বলে জানান তিনি।
ধানমন্ডি থেকে আমাদের রিপোর্টার আব্দুল আজিজ জানান, সাড়ে ১০টার পর কলাবাগান থেকে শংকর অভিমুখে বিক্ষোভে নামেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের কারণে ধানমন্ডি ও তৎসংলগ্ন এলাকার সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়া, উত্তরা ও বারিধারা এলাকায় শিক্ষার্থীদের অবরোধের কারণে প্রগতি সরণি, এয়ারপোর্ট, কুড়িল ফ্লাইওভার এলাকায়ও যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। তবে, শিক্ষার্থীদের আন্দোলনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কবস্থানে রয়েছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী।
ইআর





