ঢাকা শহরকে পরিষ্কার রাখতে প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নর্থ-সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আয়োজনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করেছে। জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা এ শহরটাকে পরিষ্কার দেখতে চাই। কয়েক হাজার কর্মচারী নিয়ে দুইতিন কোটি মানুষের শহরকে পরিষ্কার করা দুইজন মেয়রের পক্ষে কখনো সম্ভব নয়।
প্রতিটি নাগরিককে একেক জন মেয়রের ভূমিকায় থাকতে হবে। সবাইকে একেক জন মেয়র হিসেবে দেখতে চান মেয়র সাঈদ খোকন।
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি উদ্বৃত করে মেয়র বলেন, আমরা সবাই মেয়র আমাদের এ ঢাকা শহরে। আমরা সবাই মেয়র হবো। সবাই মিলে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা ঘর-বাড়ির চেয়ে শহরে বেশি সময় ব্যয় করি। সেজন্য শহর বেশি পরিষ্কার রাখা প্রয়োজন। ঘরের মতো শহরকেও গুছিয়ে রাখতে হবে।
মেয়র বলেন, ডাস্টবিনের সংকট রয়েছে। ডিএসসিসি থেকে মার্চ ও এপ্রিলের মধ্যে প্রত্যকে ওয়ার্ডে ১০০ করে ৫৭০০ ডাস্টবিন দেওয়া হবে।
ময়লা রাস্তায় নয় ডাস্টবিনে ফেলতে পরিবারের সবাইকে সচেতন করতে শিক্ষার্থীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মেয়র।
তিনি বলেন, আমরা সবাই সচেতন হলে এবং সবাইকে সচেতন করতে পারলে ঢাকা পরিষ্কার না হয়ে থাকতে পারবে না। নতুন প্রজন্মের জন্য শহরকে পরিষ্কার রাখতে হবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, এনএসইউ’র বোর্ড অব টাস্ট্রিজ চেয়ারম্যান এম এ কাশেম, ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এআই





