কক্সবাজারে পিকনিকের বাস দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ (১১ অক্টোবর) রোববার সকাল ৬টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর স্কুলের ৪০ জন শিক্ষার্থী নিয়ে কক্সবাজারে পিকনিকে যাওয়া বাস দুর্ঘটনার কবলে পড়ে।

নিহতরা হলেন- মো: মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০)। হতাহতরা সবাই বাসের যাত্রী।

ঈদগাহ পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন জানান, রোববার সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, নোয়াখালী থেকে প্রায় ৪০ জনের একটি দল নীলাচল পরিবহনের একটি বাসে করে কক্সবাজারে যাচ্ছিল। বাসটি সকাল ৬টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এমবি