জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে জাপান সফরে গেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে পাঁচ দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, শুক্রবার থেকে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অ্যাসেম্বলি ফর উইমেন টোকিও-২০১৪’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে স্পিকারের এই সফর। তিন দিনের এ সম্মেলনে আগামী রোববার বক্তব্য রাখবেন স্পিকার।

এরপর জাপানের প্রধানমন্ত্রী এবং জাপান পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব কাউন্সিলরস এবং নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সঙ্গেও সাক্ষাৎ করবেন শিরীন শারমিন। সফর শেষে আগামী ১৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সমাজ গঠন ও নারীর ক্ষমতায়নে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণ, নারী-স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য কূটনীতিতে জাপানের প্রয়াস এবং সর্বোপরি শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে জাপানের সুদৃঢ় অবস্থানের বিষয়টি তুলে ধরেন। সমগ্র বিশ্বে বিষয়গুলো তুলে ধরতে এবং বিভিন্ন দেশের সাথে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে জাপান এই সেমিনারের আয়োজন করেছে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ