খুলনায় তীব্র শীত, ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ২০ দলীয় জোটের ডাকে লাগাতার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। রোববার রাতে অভিযান চালিয়ে ২০ দলীয় জোটের ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

অবরোধের সমর্থনে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিটিআই মোড় থেকে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে ২০ দলের একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কাজী সেকেন্দার আলী ডালিম, মাস্টার শফিকুল আলম, ফখরুল আলম, আসাদুজ্জামান মুরাদ, শফিকুল আলম তুহিন প্রমুখ।

সমাবেশে নজরুল ইসলাম মঞ্জু বলেন, গণহারে গ্রেফতার করে তাদের আন্দোলন বন্ধ করা যাবে না। অবিলম্বে নির্বাচনী সংলাপ শুরু করুন। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তখন সরকার পতন ছাড়া বিকল্প কিছু থাকবে না।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, খুলনা থানা ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ জাহান রানাসহ মোট ৩২ জনকে আটক করা হয়েছে। আটক সবাই ২০ দলীয় জোটের নেতাকর্মী।

এদিকে অবরোধের কারণে খুলনা নগরীতে হালকা যানবাহন চলাচল করছে। শুক্র ও শনিবার ইজতেমার জন্য দূরপাল্লার বাস চলাচল করলেও রোববার সকাল থেকে আবারও বন্ধ হয়ে গেছে। ট্রেন চলাচল করলেও তার সময়সূচি এলোমেলো হয়ে পড়েছে।

কেএইচ