কালবৈশাখী ঝড়ে সিলেটের কয়েকটি এলাকায় কাঁচা-ঘরবাড়ি বিধ্বস্ত ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বুধবার ভোরে সিলেটের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ঝড়ে নগরীর সুবহানীঘাট হক সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি বিশাল বিলবোর্ড বিদ্যুতের ১১ হাজার ভল্টের লাইনের ওপর আছড়ে পড়ে।
এতে সিলেট অঞ্চলের বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর অধীনে থাকা গ্রাহকদের দিনভর বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হবে বলে জানান সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-২’র উপ প্রকৌশলী নজরুল ইসলাম।
তিনি বলেন, এতে প্রায় ৮ হাজার গ্রাহক সারা দিন বিদ্যুৎ পাবেন না।
এদিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সিলেটের গোয়াইনঘাট ও কানাইঘাট এলাকায় কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, প্রতিটি উপজেলায় ঝড়ে ক্ষয়ক্ষতির খবর নেওয়া হয়েছে। কানাইঘাট ও গোয়াইনঘাট ছাড়া অন্য কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে, কী পরিমাণ কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে এ পরিসংখ্যান এখনও হাতে এসে পৌঁছায়নি বলে জানান তিনি।
কেএইচ





