নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর নোয়াখালী জেলার তালিকাভুক্ত শীর্ষ নেতা ডা. জাকারিয়া হাবীব (৩৫) নামের এক ব্যক্তিকে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
রোববার দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জঙ্গি নেতা জাকারিয়া হাবীব সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তুলাতলি গ্রামের মৃত হাবীবুর রহমানের ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজবুত তাহরীর তালিকাভুক্ত জেলা শীর্ষ নেতা জাকারিয়া হাবীবের অবস্থান নিশ্চিত হয়ে সেনবাগ থানা পুলিশ ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। জঙ্গি কাজে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে নোয়াখালী ও ঢাকার বনানী থানায় মামলা রয়েছে।
তিনি আরো জানান, জাকারিয়া হাবীব নিজেকে হিজবুত তওহিদের নেতা দাবি করেছেন। তবে এ ব্যাপারে খতিয়ে দেখবেন বলে ওসি জানিয়েছেন।
এমআইএস





