সাংবাদিকদের উপর ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল ও তার ক্যাডার বাহিনীর হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনায় কর্মরত সাংবাদিকরা।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ সড়কে ট্রাফিক মোড়ে এসে মিছিলের পর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি করে ভূমিমন্ত্রীর সকল সংবাদ বর্জন ও সাংবাদিকদের কালোব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও ভুমিমন্ত্রীর পদত্যাগ দাবি করে শ্লোগান দেয়া হয়।
সাংবাদিক হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, এবিএম ফজলুর রহমান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, শহিদুর রহমান শহিদ প্রমুখ। এসময় বক্তব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খান।
বুধবার সন্ধ্যায় পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পাবনা জেনারেল হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে যান। এসময় তিনি বলেন, হামলাকারীরা যেই হোক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, বুধবার (২৯ নভেম্বর) বিকেলে পাবনার রূপপুরে প্রধানমন্ত্রীর আগমনের স্থানীয় প্রস্তুতির সংবাদ সংগ্রহকালে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও তার ক্যাডার বাহিনী পিটিয়ে সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাম্যান মিলন হোসেনকে আহত করে।
এ সময় তারা ল্যাপটপ ও ক্যামেরা ভাংচুর এবং মোবাইল ফোন ও টাকা লুট করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রকিব/জেড





