সিলেটের দক্ষিণ সুরমায় তিন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনগন।

উপজেলার তেতলী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে রবিবার রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে পাহারারত এলাকাবাসী।

আটককৃত ডাকাতরা হলেন- সুনামগঞ্জের ছাতকের আবু হানিফা (২৫), সোহেল আহমদ (২৪) ও সিলেটের বিমানবন্দর থানার সাহেব বাজারের বশির আহমদ (২৬)।

তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. উসমান আলী জানান, এলাকাবাসী ডাকাত আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন গণধোলাইয়ের শিকার আহত তিন ডাকাতকে থানায় নিয়ে যান।

তিনি আরও জানান, সম্প্রতি দক্ষিণ সুরমাসহ সিলেটে ডাকাতি বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী গত কয়েক দিন ধরে রাত জেগে পাহারা দিচ্ছেন। রাতে পাহারাকালীন সময়ে বানেশ্বরপুর গ্রামের যুবকরা একটি সাদা প্রাইভেটকার সন্দেহজনকভাবে গ্রামের ভেতর ঘোরাঘুরি করতে দেখে।

এ সময় তারা প্রাইভেট কারটি আটকের চেষ্টা করলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পাহারায় থাকা এলাকার যুবকরা চিৎকার দিলে আশপাশের লোকজন ধাওয়া করে ডাকাতদলের ৩ সদস্যকে প্রাইভেটকারসহ আটক করে।

দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারি কমিশনার (এসি) ইকবাল হোসাইন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

এমই