রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ৫০০টি ঘর। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কালশি এলাকার বাউনিয়া বাঁধ বস্তিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার ভোর পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট নিয়ে কাজ করলেও, পরে তাতে যোগ হয় আরো পাঁচটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে লেগে যায় ঘণ্টারও বেশি সময়।

এদিকে আগুন নেভাতে বিলম্ব হওয়ায় ফায়ার সার্ভিসের গাফিলতির অভিযোগ আনেন বস্তিবাসী। তাঁদের অভিযোগ, আগুন লাগার দেড় ঘণ্টা পর উপস্থিত হয় ফায়ার সার্ভিস।

তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিস কর্মীরা দাবি করছেন, যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছেছেন তাঁরা।

কী কারণে আগুন লাগতে পারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, এটা একটা বস্তি, এতে অবৈধ অনেক বৈদ্যুতিক কানেকশন থাকে, গ্যাসের সিলিন্ডার থাকে। বৃষ্টিও আসছে, শর্ট সার্কিটের মাধ্যমেও হতে পারে। তবে তদন্ত না করে নিশ্চিত ভাবে বলা যাবে না যে, কী কারণে আগুন লেগেছে।

বৈরী আবহাওয়ায় খোলা আকাশ যাদের সঙ্গী হলো, তাদের পাশে দাঁড়াতে গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য।

এমআর