গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ে প্রচণ্ড গরমে ২০ ছাত্রী হঠাৎ অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাঠদানের সময় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীরা একের পর এক জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন মোল্লা জানান, পাঠদানের শুরুতে ছাত্রীরা অস্থির ও বমি বমি ভাব এবং মাথা ঘোরানোর কথা জানায়। কয়েক মিনিটের মধ্যেই ২০ ছাত্রী অজ্ঞান হয়ে যায়। এদের মধ্যে নয় জনকে প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

অসুস্থ লাবনী আক্তার, বিথী আক্তার, তানজিনা আক্তার, স্মৃতি আক্তার, পলি আক্তার, মুন্নি আক্তার, শিল্পী আক্তারসহ ১১ জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান জানান, এ ঘটনা শুনে সেখানে চিকিৎসক পাঠানো হয়েছে। বিদ্যালয় ছুটি ঘোষণার নির্দেশ দেয়া হয়েছে।

এআর