খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সামসুন নাহার কলস ও বিএনপি সমর্থিত শিখা বেগম হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে ৪৯টি কেন্দ্রের ২২৮টি বুথে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে মোট ৯৮ হাজার ৬শ’ ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ২২ জন ও নারী ভোটার ৪৮ হাজার ৬শ’ ৩৮ জন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসাইন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম গত ২৩ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পদটি শূন্য হয়।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ