নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. ইউনুছ ও ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. মিলনকে আটক এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে চাটখিলে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।

রোববার দুপুরে ১টার দিকে চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পেয়ার আহম্মেদ হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতে পুলিশ হয়রানি মূলকভাবে পরকোর্ট ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. ইউনুছ ও তার ছেলে একই ইউনিয়ন ছাত্রদলের যুগ্মআহবায়ক মো. মিলনকে আটক করে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং বেগম জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের ডাক দেয়া হয়েছে।

এরআগে দুপুরে যুবদল ও ছাত্রদল নেতাকে আটকের প্রতিবাদে চাটখিল বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এসময় মিছিলে উপস্থিত ছিলেন- চাটখিল পৌর বিএনপির যুগ্মআহবায়ক দেওয়ান শামছুর আরেফিন শামীম, যুগ্মআহবায়ক আহছানুল হক মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছ আহম্মদ হানিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইউছুফ নবী বাবু, কলেজ ছাত্রদলের সভাপতি আলা উদ্দিন চৌধুরী কাজল প্রমুখ।

জেআই