প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং শনিবার (২৩ মে) ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “ভুটানের প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।”

তিনি বলেন, শেখ হাসিনা তাদের ১৫ মিনিটের কথোপকথনে লোটে শেরিং এবং ভুটানের জনগণকেও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রেস সচিব জানান, লোটে শেরিং সুপার সাইক্লোন আম্পানের ফলে হওয়া ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ঘূর্ণিঝড়ের কারণে ঘটা প্রাণহানিতে সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ফোন করে খোঁজখবর নেয়া এবং ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা প্রকাশ করায় ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রেস সচিব বলেন, দুই দেশের প্রধানদের কথোপকথনে চলমান করোনাভাইরাস পরিস্থিতির বিষয়টিও উঠে এসেছে। তথ্য সূত্র- বার্তা সংস্থা ইউএনবি

এমবি