ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জনি মিয়া নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ মে)  দিনগত রাত ২টার দিকে পৌর এলাকার খালাজোড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ১টি দেশি পাইপগান, ১টি কার্তুজ, ২টি ছুরি, ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, ডাকাতির মালামাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে জনি ও তার সহযোগীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ জনির মরদেহ উদ্ধার করে।

তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মাদক, চোরাচালানসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানান ওসি।

এমবি