ময়মনসিংহ জেলার ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামের ইয়াছিন আলীর ছেলে অটোভ্যানচালক লাল মিয়া (৪০), একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সিএনজিচালক নূরুল ইসলাম (৩২) ও মুক্তাগাছা উপজেলার পাইকা শিমুল গ্রামের জাকির হোসেন (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বাগান রাগামারা নামকস্থানে ময়মনসিংহগামী একটি পণ্যবোঝাই ট্রাক রাগামারা-পাঁচপাড়া সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি ও অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালক লাল মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিএনজিচালক নূরুল ইসলামের মৃত্যু হয়।

অপরদিকে, ভোররাত ৪টার দিকে একই মহাসড়কে ট্রাক মেরামতের সময় ময়মনসিংহগামী ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন জাকির হোসেন (২৮) নামে একজন। আশঙ্কজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বাগান রাগামারায় নিহত দুইজনে পরিবারের কোনো আপত্তি না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এমই