বরগুনা পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার রাত সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মোবাইল ফোন, গার্মেন্টেস, ইলেক্ট্রনিক্স ও স্টেশনারি দোকান রয়েছে।
এ ঘটনায় মো. আবুল কাশেম নামের এক ফায়ারম্যানসহ ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের বরগুনা স্টেশনের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। অবস্থা বিবেচনায় নিকটস্থ আমতলী থেকে আরও একটি ইউনিট এসে যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পৌর মেয়র মো. শাহাদাত হোসেন বলেন, আগুনে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
স্থানীয় ব্যবসায়ী নেতা গোলাম আহাদ সোহাগ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হয়ে থাকতে পারে।
এ বিষয়ে জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। ক্ষয়ক্ষতির তালিকা করে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
এএইচ





