চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় টমটম গাড়ির ধাক্কায় মো. মমিন নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
সোমবার (৩০ মে) বিকেলে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, নেত্রকোনা নিবাসী সূর্য মিয়ার ছেলে মমিন রাস্তা পার হওয়ার সময় টমটম গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাছান রেজা জানান, দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে যাচ্ছেন। নিহত শিশুর মা একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন বলে শুনেছেন তিনি।
স্থানীয় লোকজন জানান, বিদ্যুৎখেকো হিসেবে পরিচিত অবৈধ টমটমের জমজমাট রাজত্ব চলছে পতেঙ্গা-ইপিজেড থানা এলাকায়। অদক্ষ চালক ও ফিটনেসবিহীন এসব গাড়ি প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটাচ্ছে।
ওএফ





