গাজীপুরের জয়দেবপুর বাজারে অবস্থিত জনতা ব্যাংক গাজীপুর কর্পোরেট শাখা থেকে টাকা চুরির ঘটনায় দুই সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মার্কেটের ম্যানেজারকে।

রোববার দুপুরের দিকে তাদের আটকের পর দুই সিকিউরিটি গার্ডকে গ্রেফতার দেখানো হয়।

জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. সোলাইমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় সিকিউরিটি গার্ড মো. নূরুল ইসলাম (৫০) ও মহিউদ্দিনকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য তানভীর প্লাজার ম্যানেজার নিত্য নন্দন সাহাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গাজীপুর জেলা শহরের জয়দেবপুর বাজারের তানভির প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ওই ব্যাংকের সামনে একটি দোকানে পুরাতন কাপড়ের ব্যবসা করতেন জাকির হোসেন নামে এক ব্যক্তি।

পূর্ব পরিচয়ের সূত্রে ধরে গতকাল শনিবার রাত ১০টার দিকে জাকির কিছু ফলমূল নিয়ে ব্যাংকে আসে এবং টয়লেটে যাবার কথা বলে দায়িত্বরত সিকিউরিটি গার্ড মো. নূরুল ইসলামকে দিয়ে প্রধান ফটক খুলিয়ে ব্যাংকে প্রবেশ করে। পরে ফলমূল ও পানির সঙ্গে নেশা জাতিয় দ্রব্য খাইয়ে নূরুল ইসলামকে অচেতন করে লকার খুলে ৬০ লাখ ৭৮ হাজার ৪০৬ টাকা নিয়ে ব্যাংকের পিছন দিকের জানালার গ্রিল খুলে পালিয়ে যায়।

ইআর