বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় সংলগ্ন বগুড়া-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত যুবক (২৫) নিহত হয়েছেন। এছাড়া নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।


 শুক্রবার দিনগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ধুনট মোড় সংলগ্ন বগুড়া-ঢাকা মহাসড়কে খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।


আহতদের মধ্যে বগুড়ার গাবতলী উপজেলার অতুল চন্দ্র , তার ছেলে অন্তর, একই এলাকার বকুল মিয়া, ধুনট উপজেলার সাইফুল ইসলাম, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কফিল, মামুনুর রশীদ, আব্দুল মান্নান ও কুড়িগ্রাম জেলার আব্দুস সালাম রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।    

 
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় সেখানে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।


 শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী 'এ আলম এন্টারপ্রাইজ'(চট্টমেট্রো ব-০২-০১৩৫) যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞাতনামা তিনজনকে বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই