গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার একটি পুকুর থেকে রোববার রাতে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শিশুর নাম আকাশ (৫)। তার বাবা সাদেক আলী স্বপরিবারে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকার নুরুল হকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় বাজারে চায়ের দোকানের ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণার সাতপাই এলাকায়।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম জানান, আকাশ দুপুর সাড়ে ১২টার দিকে ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়।
এরপর থেকে স্বজনরা বিভিন্নস্থানে তার খোঁজ করতে থাকেন। সন্ধ্যার দিকে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শিরিরচালা এলাকার একটি পুকুরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, আকাশের ডান কান ও গালে নখের আচঁড়ের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা পর লাশ পুকুরে ফেলে গেছে।
এমকে





