বল কুড়িয়ে আনতে গিয়ে রাজধানীর কদমতলীর খালে তলিয়ে যাওয়া শিশু আশামনির মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ৫ দিন পর বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্তান হারিয়ে দিশেহারা আশামনির বাবা-মা মেয়েকে শেষবারের মতো একবার দেখার আকুতি জানিয়েছিলেন। উদ্ধারকাজে স্থানীয়রাও বিভিন্নভাবে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। খালটিতে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনার কারণে উদ্ধার কাজ বারবার ব্যাহত হয়।

পচা ময়লার স্তূপের খালে ৬ দিন ধরে নিখোঁজ থাকায় কান্নায় বুক ভাসানো বাবা-মা সন্তানের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। অন্তত লাশ বুকে জড়িয়ে ধরার আকুতি জানিয়ে আঁচল পেতেছিলেন আশামণির মা তানিয়া। অবশেষে আশামণির লাশ উদ্ধার হওয়ায় বাবা-মায়ের আশা পূর্ণ হলো।

উল্লেখ্য,শনিবার (১ ফেব্রুয়ারি) কদমতলীর মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকার বাসিন্দা এরশাদ ও তানিয়া দম্পতির বড় মেয়ে আশামনি। এ বছরই মিরাজনগর ফারহা মডেল স্কুলের শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল আশামনি। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। গত শনিবার বিকালে সঙ্গীদের সঙ্গে খেলতে গিয়ে খালের পানিতে তলিয়ে যায় আশামনি।

এএস