বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের চার নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (ডিবি) মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি বিজয় কুমার বর্মন ও ওয়াহাব রিন্টু এবং যুগ্মসম্পাদক ওবাইদুল ইসলাম খান ও মনিরুল হাসান।
পুলিশ জানায়, গত ৭ জুলাই ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বাড়িতে হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া গত ১ জুন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে অবৈধভাবে ঠিকাদারি দাবি করতে গিয়ে এক বৈজ্ঞানিক কর্মকর্তাকে গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন মারধর করেন। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের করা মামলার বিজয় কুমার, ওয়াহাব রিন্টু ও মনিরুল হাসানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্রও দেয় পুলিশ।
গ্রেপ্তারকৃত ৪ নেতাকে ঢাকা থেকে ময়মনসিংহ আনা হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এএইচ





