চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের চার নেতা এই শাখাটি সফর করেছেন গত মঙ্গলবার।
কেন্দ্রীয় নেতারা সব কিছু পর্যালোচনা করে শাখা ছাত্রলীগের শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বলে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে। তবে এখনই সব খোলাসা করতে রাজি নন কেন্দ্রীয় সংসদ।
এদের মধ্যে সভাপতি আলমগীর টিপুর অনুসারী শীর্ষস্থানীয় চার নেতা এবং কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী শীর্ষস্থানীয় দুই নেতার নাম বারবার শোনা যাচ্ছে।
এদের মধ্যে সহ-সভাপতি তপুকে কুপিয়ে জখম করার দায়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুন ও পাঠাগার সম্পাদক আবু বকর তোহা বহিষ্কার হতে পারে বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, এ দুই জনই কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী ও ছাত্রলীগের ক্যাম্পাস ভিত্তিক সংগঠন 'বাংলা মুখের' নেতা হিসেবে পরিচিত।
এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুনের বাসাসহ বেশ কয়েকটি বাসা-বাড়িতে ভাংচুর ও লুটপাটের দায়ে শাখা ছাত্রলীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি মনছুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন অভি ও আরেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমানকে বহিষ্কার করা হবে বলেও শোনা যাচ্ছে। উল্লেখ্য, এই চারজনই শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী ও ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন 'সিক্সটি নাইন' গ্রুপে নেতা হিসেবে পরিচিত।
উল্লেখিত সম্ভাব্য ছয়জনের মধ্যে পাঁচজন বিরুদ্ধে যে কোন সময় বহিষ্কারাদেশ আসতে পারে বলে জানা গেছে।
মাসুম/এমবিএইচ





