পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুরের আহমদপুর ফুলবাগান নামকস্থানে বালিভর্তি ট্রাক ও অটো রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ মহিলাসহ ৬ জন নিহত ও দুই জন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার ধোলাই বিষœপুর গ্রামের সাধান দাস (৬০), একই উপজেলার রিকশাভ্যান চালক আবুল কালাম (৩০), আব্দুল মালেক (৩৫) তার স্ত্রী পান্না খাতুন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাসনা বেগম (৪০) একই উপজেলার মালেকা খাতুন (৪৫)। আহত বেড়ার পৌর এলাকার সানিলা গ্রামের আলীকে (৩০) বেড়া এবং অজ্ঞাত এক শিশুকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা জানান, আজ সোমবার সকাল ৭টার দিকে বালুভর্তি একটি ট্রাক পাবনা শহরে যাচ্ছিল। কাশিনাথপুর ব্রীজের পশ্চিম পাশে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানটির চালকসহ ৪ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে ২ জন মারা যায়।

আমিনপুর থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

এমএনজে/এমবি