ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি কলেজে হামলা চালিয়েছে স্থানীয় সংসদ সদস্যের ক্যাডার হিসেবে পরিচিত জাতীয় ছাত্রসমাজের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় পার্টির এই ছাত্রসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় তারা প্রিন্সিপালসহ শিক্ষকদের সাথে দুর্ব্যবহার ও ক্যাম্পাসে ভাঙচুর করে।
কলেজ সূত্র জানায়, ৮ বছর ধরে কলেজ ক্যাম্পাসে কোনো সংগঠন রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাইলে আগে থেকেই কলেজ কর্তৃপক্ষকে অবহিত করে আসছে। কিন্তু জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা বৃহস্পতিবার হুট করেই বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চায়।
এসময় কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন গেটে তাদের আটকে দিলে মিছিলকারীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কলেজে মিছিল করলে কারও অনুমতি লাগবে না বলে ওই শিক্ষককে শাসিয়ে দেন।
এরপর এমপির ক্যাডার পার্থ’র নেতৃত্বে ৮-১০ জন নেতাকর্মী কলেজ প্রিন্সিপাল খান মো. সালাহউদ্দিন কায়জারের কক্ষে প্রবেশ করে তার টেবিল ভাঙচুর করেন।
কলেজ প্রিন্সিপাল খান মো. সালাহউদ্দিন কায়জার জানান, খবর পেয়েই তাৎক্ষণিক কলেজে আসেন জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি। পরে তিনি শিক্ষকদের সঙ্গে সভা করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না বলেও আশ্বাস দেন তিনি।
কিন্তু পুলিশ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম দাবি করেন, কোন হামলার ঘটনা উক্ত কলেজে ঘটেনি।
ওএইচ/এআর





