দেশে চলমান নৈরাজ্য মোকাবেলায় পুলিশ কর্মকর্তাদের (আজ) রাত থেকেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০১৫’ এর সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনাদের নিজ নিজ কর্মস্থলে (আজ) রাতের মধ্যেই যোগ দেবেন। স্ব-স্ব এলাকায় কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যায় সে ব্যবস্থা গ্রহন করবেন। তাই আজকের মধ্যেই নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন। জোর করে কাজ চাপিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

পুলিশ কর্মকর্তাদের তিনি আরো বলেন, পুরস্কার সবাইকে দেওয়া সম্ভব হয়নি। বিপিএম ও পিপিএম এর একটি নির্দিষ্ট কোটা থাকায় তা সম্ভব হয়নি। কিছু কর্মকর্তাদের আইজি ব্যাজ দেওয়া হয়েছে। আর যারা পুরস্কার পেয়েছেন তাদের বসে থাকলে চলবে না। প্রতিযোগিতা করে আরো বেশি মাদকদ্রব্য নিয়ন্ত্রন, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।

পুলিশ সপ্তাহ ২০১৫ এর সমাপনি বক্তব্যে কুজকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি ও এডিশনাল আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান বলেন, ‘গত কয়েকবারের চেয়ে এবারের অনুষ্ঠান প্রাণবন্ত হয়েছে। প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন’।

আগামীতে আরো ভালো হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

জেএ