বিএনপিবিহীন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
আজ (১০ মার্চ) রোববার সকাল ৮টায় বিরতিহীনভাবে সারা দেশে ১২ জেলার ৭৮ উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। শেষ হয় বিকেল ৪টায়। এর পরই কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
ভোট শেষে ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মেজর রাজু জানিয়েছেন, শেষ পর্যন্ত ২৪টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, এর মধ্যে কুড়িগ্রামের ১২টি, লালমনিরহাটের ১টি, সিরাজগঞ্জের ৩টি, সুনামগঞ্জের ৫টি, রাজশাহীর ১টি আর হবিগঞ্জের ২টি কেন্দ্র রয়েছে।
বিএনপি’সহ অনেক রাজনৈতিক দলই এই নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচনী আমেজ-উত্তেজনা পাওয়া যায়নি। এই নির্বাচনেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

এর ফলস্বরূপ, প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন রয়েছেন। এরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।
ইসি সূত্র জানায়, প্রথম ধাপে ৮৭ উপজেলার তফসিল ঘোষণা করে ইসি। পরবর্তীতে আদালত ও নির্বাচন কমিশন কর্তৃক ৬টি উপজেলার নির্বাচন স্থগিত এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ উপজেলায় সব পদে নির্বাচিত হওয়ায় ৭৮ উপজেলায় প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর মধ্যে আদালতের নির্দেশে বন্ধ হওয়া উপজেলাগুলো হলো- রাজশাহী বিভাগের পবা, কুড়িগ্রামের ফুলবাড়ি এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া।

জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা এবং নাটোরের সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হয়নি।
অন্যদিকে ন্যায়সঙ্ঘত, নিরপেক্ষ ও আইন অনুযায়ী নির্বাচন করা সম্ভব নয় বলে নেত্রকোনার পূর্বধলা, লালমনিরহাটের আদিতমারী এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদে ভোট স্থগিত করেছে ইসি।
এছাড়া, নীলফামারী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ভোট স্থগিত করা হয়েছে। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ইসির তথ্য মতে, ৭৮ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। প্রথম ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান ২০৭, ভাইস চেয়ারম্যান ৩৮৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২৪৯ জন।
ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলায় আজ সাধারণ ছুটি ছিল।
এমবি





