সময়ের পরিক্রমায় আরেকটি বছরকে বরণ করে নিতে প্রস্তুত সারাদেশ। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন বাংলা বছর ১৪২২। জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী-নারী-পুরুষ নির্বিশেষে পুরানো বছরকে বিদায় জানিয়ে স্বাগত জানাবে নতুন বছরকে। আবহমান বাঙলার বৈচিত্র্যময় গানে-রঙে মাতবে উৎসবে।
পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ঢাবির চারুকলা অনুষদে থাকছে সবচেয়ে বড় আয়োজন। এ উপলক্ষে অনুষদটিতে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার চৈত্রসংক্রান্তি উদযাপনের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের আয়োজন। নুতন বছরকে বরণ করতে মঙ্গলবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বরে ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হবে।
এছাড়া বুধবার সন্ধ্যায় চারুকলার শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ হবে যাত্রাপালা, বসবে লোকগানের আসর।
এদিকে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ উপলক্ষে ঢাবির বাংলা বিভাগ ও বাংলা বিভাগের অ্যালামনাই এর উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলা বিভাগের করিডোরে চৈত্রসংক্রান্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সংগীতানুষ্ঠান, নৃত্য, কৌতুকাভিনয় অনুষ্ঠিতম হবে। মঞ্চস্থ হবে মাইকেল মধুসুদন দত্তের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ এবং সেলিম আল দীনের ‘কীত্তনখোলা’।
বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগও চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য-গীত-বাদ্য শৈলীর মুক্ত প্রদর্শিত হবে। এছাড়া নাটমণ্ডলে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘চম্পকনগরের উপকথা’।
ছায়ানট : মঙ্গলবার ভোরে রমনার বটমূলে বাংলা নববর্ষ উদযাপন করবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। সকাল ছয়টায় শুরু হবে এই আয়োজন। এতে বৈশাখের গানের পাশাপাশি সম্মিলক গান, একক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন ছায়ানটের শিল্পীরা।
উদীচী শিল্পী গোষ্ঠী : ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই শ্লোগানে বাংলা নতুন বছর ১৪২২ উদযাপনে বাসাবো বালুর মাঠে অনুষ্ঠিত হবে উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানমালা। সকাল ৭টায় সংগঠনের শিল্পীদের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর থাকবে উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংসদের শিল্পীদের পরিবেশনা। এতে রয়েছে একক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও লাঠিখেলা।
বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে কাল সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্র বের করবে, যাতে বাংলার লোকজ সংস্কৃতির নানা উপকরণ শোভা পাবে। এতে জাতীয় নেতৃবৃন্দ ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট পয়লা বৈশাখের দিন বিকাল ৪টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে একক ও দলীয় লোকসঙ্গীত, নৃত্য ও আবৃত্তিসহ নানা আয়োজন করবে। বাংলা একাডেমি সকাল ৮টায় একাডেমীর নজর্বল মঞ্চে বর্ষবরণের সঙ্গীত দিয়ে দিবসটি উদযাপন করবে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাপ্রাঙ্গণেবৈশাখী মেলার আয়োজন করেছে। মুক্তিযুদ্ধ জাদুঘর সকাল ৯টায় জাদুঘর প্রাঙ্গণে শিশু-কিশোরদের আনন্দ-আয়োজনে নৃত্য, লোকগান ও বাউল গানের পরিবেশনা রেখেছে।
জাতীয় প্রেসক্লাব বর্ষবরণে তাদের সদস্য ও পরিবারবর্গের জন্য সকাল থেকেই খৈ, মুড়ি-মুড়কি, বাতাসা ও ইলিশ খিচুরির আয়োজন রেখেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিও তাদের সদস্য ও পরিবারদের জন্যও প্রাতঃরাশ, দুপুরের খাবার ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বর্ষবরণ উৎসবে যেসব রাস্তা বন্ধ থাকবে
বাংলা নববর্ষ ১৪২২ উদযাপন উপলক্ষে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবরসহ এর আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার ভোর ৫টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাংলামটর থেকে পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগভবন ক্রসিং থেকে হোটেল রূপসী বাংলা ক্রসিং পর্যন্ত বন্ধ থাকবে।
একই সময় বন্ধ থাকবে শাহবাগ-মৎসভবন ও কদমফুল থেকে হাইকোর্ট ক্রসিং পর্যন্ত সড়ক। এছাড়া হোটেল রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলি রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ও চার্চ ক্রসিং থেকে মৎসভবন ক্রসিং পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
নীলক্ষেত ক্রসিং-টিএসসি ক্রসিং, পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং এবং বকশীবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং প্রর্যন্ত রাস্তাও বন্ধ থাকবে মঙ্গলবার ভোর ৫টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
এ ব্যাপারে জানতে চাইলে সোমবার রাত সাড়ে ৮টায় ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর আলম বলেন, "মানুষের চলাচল নির্বিগ্ন করতে ওইসব সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতা কামনা করছি।"
জেআই





