পাটুরিয়ায় পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় গঠিত দুটি তদন্ত দলের গণশুনানি মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে এ শুনানি অনুষ্ঠিত হয়েছে পাটুরিয়া ঘাটে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ মোহনা ও পুলিশ কন্ট্রোল রুমে।

প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে তদন্ত দল দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, উদ্ধারকর্মী, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিসের কর্মী ও লঞ্চযাত্রীদের সঙ্গে কথা বলেন। শুনানিতে ১৫ জনের সাক্ষ্য নেয়া হয়। পরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত দলের সদস্যরা।

নৌ মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত দলের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর-উর-রহমান, সমুদ্র পরিবহনের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম, বুয়েটের অধ্যাপক গৌতম সাহা, বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী আব্দুর রহিম তালুকদার, বিআইডব্লিউটিএর প্রকৌশলী মফিজুল হক ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান।

এদিকে ৫ সদস্য বিশিষ্ট জেলা তদন্ত কমিটিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম হোসেন। আগামী ১০ কার্যদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

জেআই