খাগড়াছড়িতে নিখোঁজের দুই দিন পর যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ যুবলীগ নেতা মোশারফ(৩২) খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মোশারফ হোসেন উপজেলার মধ্য বেতছড়ির কুদ্দুস খাঁর ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসু উদ্দীন জানান, রোববার সন্ধ্যায় উপজেলার রসিক নগর এলাকার বটতলীর পুরাতন রিং ওয়েলের ৭০ ফিট গভীর খাদ থেকে মোশারফের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে স্থানীয় লোকজন রিং ওয়েলের আশপাশে রক্ত দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানায় পুলিশ।

মোশারফের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গেলো ১৩ তারিখে নিখোঁজ হন মোশারফ হোসেন।

জেড