বাংলাদেশসহ বিশ্বজুড়ে ১৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কোকা-কোলা। প্রায় ৩০০ কোটি ডলার খরচ কমাতে এই উদ্যোগ নিয়েছে বহুজাতিক কোম্পানিটি।

বিশ্বজুড়ে কোকা-কোলার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ১ লাখ ৩০ হাজার কর্মী।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক কোমল পানীয় উৎপাদক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ইতিমধ্যে কর্মীদের এ বিষয়টি জানানো শুরু হয়েছে এবং ছাঁটাইয়ের প্রক্রিয়াটি আসছে মাসগুলোতে সম্পন্ন হবে।

কোকা-কোলা অফিস সূত্রে জানা গেছে, ছাঁটাই প্রক্রিয়ায় কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত ও দায়বদ্ধ আচরণ এবং যথার্থ ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোমল পানীয়ের বাজারে মন্দা যাচ্ছে, যার প্রভাব পড়েছে কোকাকোলা উপরও। এ বিবেচনায় গত অক্টোবরে প্রতিষ্ঠানটি ২০১৯ সালের মধ্যে ৩০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছিল।

২০১৪ সালে প্রথম নয় মাসে ৬৩০ কোটি ডলার নিট আয় হয়েছে কোকা-কোলার, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৭ শতাংশ কম।

এ ছাড়া ওই প্রতিষ্ঠানটির পরিচালন আয় ছিল ৩৫১ কোটি ডলার। যেটি তার আগের বছরের তুলনায় ২ শতাংশ কম। যে কারণে কর্মী ছাঁটাই করে আর্থিক লেনদেনে সমন্বয় করতে চাচ্ছে কোম্পানিটি।

এসএইচ