নওগাঁ জেলার সদর থানাধীন কালিকাপুর এলাকায় বিশেষ অভিযানে দুই সহোদর হত্যা মামলার এজাহারভূক্ত আসামী মোঃ শওকত আলী (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গত ১৬ নভেম্বর ২০১৪ তারিখ রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানাধীন দূর্গাপুর এলাকায় থেকে তাকে আটক করা হয় বলে জানা যায়।

র‌্যাব সূত্রে জানা যায়,জেলার সদর থানাধীন দূর্গাপুর এলাকায় ভিকটিম দুই সহোদর মোঃ অহিদুর রহমান (৪৫) এবং মোঃ শাহিনকে (৪০),পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পায়ের রগ কর্তন করে হত্যা করে।

এ হত্যাকান্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হত্যাকান্ডের খবর বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিল। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের পর থেকে আসামীদের সনাক্ত ও আটক করতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে।

র‌্যাবের একটি তদন্ত দল মামলাটি বিস্তারিতভাবে তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে ও স্তরে সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, উক্ত মামলার এজাহার নামীয় আসামী মোঃ শওকত আলী (৩২), নওগাঁ জেলার সদর থানাধীন কালিকাপুর এলাকায় তার বন্ধু ফেরদৌস এর বাড়ীতে লুকায়িত আছে।

তারই প্রেক্ষিতে র‌্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল অদ্য ১৯ নভেম্বর ২০১৪ সকাল আনুমানিক ০৯.৫০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় আসামী মোঃ শওকত আলীকে আটক করে।

এসএইচ