করোনাভাইরাসের পরিস্থিতি ভালো না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে করোনা পরিস্থিতি ভালো হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। যদি না ভালো হয় আমরা খোলবো না। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার বই বিতরণ উৎসব উদ্বোধনের সময় তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই উৎসবের উদ্বোধন করেন।
সময়মতো বই বিতরণের ব্যবস্থা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের পাঠ কার্যক্রম যেন ঠিকমতো চলে, সেজন্য আমরা করোনার মধ্যেই এই পদক্ষেপ নিয়েছি।”
তিনি বলেন, “করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে স্কুল শিক্ষার্থীরা। তারা যেন নতুন বইটা পায়, নতুন বইয়ে নিজের নামটা লিখতে পারে, নতুন বইয়ের মলাট ওল্টানোর আনন্দটা পায়, সেই চেষ্টা আমরা করেছি।”
করোনাভাইরাসের কারণে ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, স্কুল খোলা সম্ভব না হলে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান চলবে। ভর্তির ব্যবস্থাটাও অনলাইনে চলবে।
বাবা-মায়েদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা ছেলেমেয়েদের সময় দেবেন। তারা যেন খেলাধুলা করতে পারে, সেই ব্যবস্থা করবেন। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন।
তিনি সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান। তবে শুধু ঘরে বসে না থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে খোলা ও আলো-বাতাসপূর্ণ জায়গায় বের হওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন প্রাথমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এমবি





