সিলেট-গোলাপগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আল আমিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৮ মে) সকালে গোলাপগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার শ্রীরামপুর-বাইপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমীন গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে সিলেট থেকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীতগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে আল আমিন মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও একজন আহত হয়েছেন। আহত যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগরীর মোগলাবাজার থানার আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুজন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমআর