সিলেটে অনন্ত বিজয় দাস নামের এক ব্লগারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন।

মঙ্গলবার সকালে সুবিদবাজারে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ব্লগারের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

মুক্তমনা ব্লগার হওয়ায় একাধিকবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মৌলবাদীরা টার্গেট করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার সহযোগীরা দাবি করেন।

গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ জানান, অনন্ত বিজয় দাশ মুক্তমনা ব্লগে লেখালেখি করতেন। তিনি পূবালী ব্যাংকে কর্মরত ছিলেন।

তিনি আরো জানান, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন অনন্ত। বাসার সামনে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমতউল্লাহ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার দায় এখনো কোনো পক্ষই স্বীকার করেনি।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে জখম করে শত শত মানুষ ও পুলিশের সামনেই পালিয়ে যায় খুনিরা।

গত ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়।

এর আগে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার আহমেদ রাজীব হায়দারকে।

একই বছরের ১৪ জানুয়ারি রাতে একইভাবে কুপিয়ে আহত করা হয় আরেক ব্লগার আসিফ মহিউদ্দীনকে।

এমকে