হাইকোর্টের রায়ের আলোকে রোববার থেকে বন্দরনগরী চট্টগ্রমে সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
রোববার সকাল থেকে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হলেও ছাত্রসেনার আধা বেলা হরতাল থাকায় দুপুরের পর ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সিটি করপোরেশন, বিআরটিএ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এদিকে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের ঘোষণার প্রেক্ষিতে নগরীতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ রিকশা চলতে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চট্টগ্রামের ব্যাটারিচালিত রিকশা মালিকরা।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম ঘোষণা করেন চট্টগ্রাম ব্যাটারিচালিত রিকশা মালিক সংগ্রাম পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদার। বন্দরনগরীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দিলে মেয়রের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনেরও হুমকি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।
উল্লেখ্য হাইকোর্টের রায়ের আলোকে প্রশাসনের গৃহীত সিদ্ধান্তের আলোকে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলাচলের শেষ দিন ছিল শনিবার। রোববার থেকে চট্টগ্রামের সর্বত্র সিটি করপোরেশন, বিআরটিএ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান চালিয়ে বন্দরনগরীতে সব ধরনের ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ জব্দ করার ঘোষণা দেন এক সপ্তাহ আগেই। আধা বেলা হরতাল থাকায় রোববার সকালের পরিবর্তে দুপুরের পর থেকেই ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা।
এদিকে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ব্যাটারিচালিত রিকশা মালিকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দফা দাবি উপস্থাপন করেন। রিকশা মালিকদের সাত দফা দাবি হলো- উচ্চ আদালতে আবেদনকৃত ব্যাটারিচালিত রিকশার মালিকানা লাইসেন্স প্রদান করতে হবে, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার অজুহাতে গ্যারেজে ঢুকে চার্জার, মোটর, ব্যাটারি ছিনতাই না করে রিকশা মালিকদের বাণিজ্যিক বিদ্যুৎ মিটার দিতে হবে।
সুপ্রীম কোর্টে করা রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা চলাচলে হয়রানি করা যাবে না। ব্যাটারিচালিত রিকশা পরিচালনায় বুয়েটসহ বিশেষজ্ঞদের মতামত যাচাই, রিকশা ও ব্যাটারিচালিত রিকশা চালকদের বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান, রিকশা চুরি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, যানজট নিরসনে রাস্তা থেকে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পু উচ্ছেদ করতে হবে।
ব্যাটারিচালিত রিকশা মালিক সংগ্রাম পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদার বলেন,‘আগামী নির্বাচনে আমরাই নির্ধারণ করবো সিটি করপোরেশনের মেয়র কে হবে? আমাদের রায়ের ওপর নির্ভর করেই সিটি মেয়র নির্বাচিত হয়। ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের সাত দফা দাবি মেনে নেওয়া না হলে মেয়র পতনের এক দফা আন্দোলনে নামবে নগরীর লক্ষাধিক রিকশা-চালক মালিকরা।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





