জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (০১ জুলাই) দুপুরে উপজেলার পার্থশী ইউনিয়নের হারিয়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু উপজেলার পার্থশী ইউনিয়নের হাড়িয়াবাড়ীর আনু মিয়ার ছেলে আলামিন (৮) ও মেয়ে আলপিনা (৬)। দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে লাশ দু’টি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকালে তাদের মামাতো ভাই বেলাল হোসেনের সঙ্গে বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে যায় তারা। মাছ ধরার এক পর্যায়ে বন্যার পানির স্রোতে নিখোঁজ হয় আলামিন ও আলপিনা। পরে স্থানীয়রা শিশুদুটিকে খুঁজতে শুরু করেন। কিন্তু তাদের না পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
এমবি





