ঢাকার সাভারে মিলন (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ (০৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জামসিং এলাকায় এই ঘটনা ঘটে৷
নিহত মিলন একই এলাকার ফজলুল হকের ছেলে। তিনি টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
নিহত মিলনের বাবা ফজলুল হক জানান, গত কয়েকদিন ধরে বাড়ির পাশে পানি শুকিয়ে যাওয়া একটি পুকুরে বাঁশ দিয়ে বেড়া তৈরি করছিলেন পুকুরের মালিক ইমন ও মিলন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিলন বাসা থেকে বের হন। সকাল থেকে ইমনকে পাওয়া যাচ্ছে না। পরে সেই পুকুরের পাড়ে তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই।
সাভার পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মিলনের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আটক করার চেষ্টা চলছে।
এমবি





